গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিশুদের শরীর ও মন সুস্থ ও সুন্দরভাবে গড়ে ওঠে। পাশাপাশি খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি করে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব গলদাপাড়া গ্রামে স্থানীয় শিশুদের মধ্যে ফুটবল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে একই এলাকায় মাওলানা মো. সাইদুল ইসলামের মায়ের কবর জিয়ারত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। পরে তিনি স্থানীয়দের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ শেষে স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শারীরিকভাবে সুস্থ করে গড়ে তুলতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরে শিশুদের হাতে ফুটবল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
এ সময় কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজীসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।