পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জের ধরে ফারুক হোসেন প্যাদা নামের এক যুবককে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে মারধর করার পর ওই যুবককে দাসপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দাবি করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাসপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাসপাড়া ইউনিয়ন সেক্রেটারি মো. লুৎফুর রহমান।
লিখিত বক্তব্যে দাসপাড়া ইউনিয়ন সেক্রেটারি মো. লুৎফুর রহমান জানান, তিনি ২০২৫ সাল থেকে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। ফারুক হোসেন প্যাদা নামের ওই যুবক দাসপাড়া ইউনিয়নের কোনো ওয়ার্ডের কর্মী বা সমর্থক নন কিংবা কখনো কর্মী বা সমর্থক ছিলেন না। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জামায়াতে ইসলামীর সুনাম নষ্ট করার জন্য ফারুক হোসেন প্যাদাকে জামায়াতে ইসলামীর দাসপাড়া ইউনিয়ন সেক্রেটারি দাবি করে মিথ্যা সংবাদ প্রচার করেছে। তিনি এই মিথ্যা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যেসব গণমাধ্যমে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, ওই সব গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিপরীতে ফরমায়েশি সংবাদ প্রচার করেছেন; যা সাংবাদিকতার মানদণ্ডকে জনমনে প্রশ্নবিদ্ধ করে। সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃবৃন্দের বক্তব্য ব্যতীত এই জাতীয় সংবাদ ভবিষ্যতে প্রচার না করতে তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি, "বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা" শিরোনামে প্রচারিত মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদটি সংশ্লিষ্ট গণমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দাসপাড়া ইউনিয়ন আমীরসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মারধরের শিকার ফারুক হোসেন প্যাদা নিজেই বলেন, গতকাল বুধবার তিনি বাউফল থেকে দাসপাড়ায় নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির ৪ থেকে ৫ জন পূর্ব বিরোধের জের ধরে তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে পথচারী এক মোটরসাইকেল আরোহী তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানতে পারি গৃহবধূর সঙ্গে আমার পরকীয়া সম্পর্ক আছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। গৃহবধূর সঙ্গে পরকীয়া আছে কি না প্রশ্নের জবাবে তিনি জানান, সাত বছর আগে এক নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তখন সামাজিক ও পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। বর্তমানে কোনো নারীর সঙ্গে তাঁর প্রেম বা পরকীয়া নেই। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি জামায়াতে ইসলামীর কোনো পদ-পদবিতে নেই।