ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক নির্বাহী সদস্য, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার দপ্তর সম্পাদক ও দৈনিক জনতার চীফ ফটো সাংবাদিক আব্দুল হালিমের গ্রামের বাড়ি কয়রাতে দফায় দফায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত| অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

উল্লেখ্য, খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে অবস্থিত সাংবাদিক নেতা আব্দুল হালিমের পৈতৃক বাড়িতে দফায় দফায় হামলা, ভাংচুর ও গাছপালা কেটে সাবাড় করা হয়েছে। এ সময় সন্ত্রাসী হামলায় সাংবাদিকের ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সাংবাদিক আবদুল হালিমের মাতা অরুনা খাতুন বাদী হয়ে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. শাহ আলম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।