ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : তীব্র গরমে ভোগান্তিতে থাকা এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়। বৈশাখের প্রচ- তাপদাহ ও বিদ্যুৎ সংকটের কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়লে তাদের স্বস্তি দিতে পরীক্ষা শেষে বোতলজাত পানি বিতরণ করা হয়।

দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ শুরু হয়। দীর্ঘ সময় পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী তীব্র পিপাসায় কষ্ট পাচ্ছিলেন এ সময় তাদের হাতে তুলে দেওয়া হয় সুপেয় পানি।

এ বিষয়ে উপজেলা শিবির সভাপতি জুনাইদ আল হাবিব জিহাদ বলেন, তীব্র গরমে পরীক্ষার্থীদের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা আমাদের গুপ্ত বলে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কোনো গুপ্ত সংগঠন নই। গুপ্ত হলে এভাবে প্রকাশ্যে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করতাম না। আমাদের সকল কার্যক্রম শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত।

এ সময় উপস্থিত শিক্ষকরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।