দুই দফা নামাজে জানাজা শেষে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন গাজীপুর জেলা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬)। হাওরাঞ্চলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার বেলা ১১টায় তাঁর প্রিয় কর্মস্থল গাজীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের কোয়ার্টার মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, বিচারক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

After Two Funeral Prayers, Advocate Mizan Laid to Rest Beside His Parents’ Graves.

জানাজার আগে মরহুমের একমাত্র সন্তান পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় সহকর্মী ও আইনজীবী বন্ধুকে শেষ বিদায় জানাতে আসা অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিনের সহকর্মীকে হারানোর বেদনায় আদালত প্রাঙ্গণেও নেমে আসে শোকের আবহ।

প্রথম জানাজা শেষে মরহুমের লাশ নেওয়া হয় মহানগরীর দক্ষিণ সালনা আকন্দবাড়ী এলাকার পারিবারিক কবরস্থানে। বাদ জোহর সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মা-বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।

অ্যাডভোকেট মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা জজ আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি সহকর্মীদের কাছে একজন বিজ্ঞ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগে তিনি গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাটশালা সেতু এলাকায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। গাজীপুর থেকে নয়জন আইনজীবীর একটি দল হাওরাঞ্চলে বেড়াতে গেলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে মিজানুর রহমানসহ আরও চার আইনজীবী আহত হন। পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে অ্যাডভোকেট মিজানুর রহমানের জানাজা ও দাফন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিল। তাঁর মৃত্যুতে গাজীপুরের আইনজীবী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।