সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর শিবপুর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়। এ ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। তবে এখনো তাদের গ্রেফতার করা হয়নি। পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে মাদক ব্যবসা নিয়েও হত্যা কাণ্ডটি ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছে।