স্টাফ রিপোর্টার, গাজীপুর: পবিত্র রমজান মাসে গাজীপুর শহরের রাস্তায় কোনোভাবেই বাজার বসানো যাবে না বলে কঠোর বার্তা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
রবিবার বিকেলে গাজীপুর শহরের রেলগেইট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গাজীপুর জেলা শহরের প্রধান সড়কের এক পাশে নির্মাণকাজ চলমান থাকায় যান চলাচল সীমিত রয়েছে। অন্য পাশ দিয়ে দুই লেনে গাড়ি চলায় এমনিতেই যানজট সৃষ্টি হচ্ছে। এর মধ্যে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো হলে নাগরিক দুর্ভোগ আরও বেড়ে যাবে। তাই কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান বসতে দেওয়া হবে না।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোঃ যাবের সাদেক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের
অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন, গাজীপুর আদালতের পিপি মোস্তাফা কামালসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।