‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সহকারী কমিশনার (ভূমি) কর মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির সেক্রেটারি লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, উপজেলা জামায়াতের যুব ও মিডিয়া সম্পাদক মুহাঃ শরিফুল ইসলাম এবং পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা নিয়মিত জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।