কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল তুরা রোডের ১ নম্বর ব্রিজ সংলগ্ন নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিধি মোতাবেক তল্লাশি শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

অপরদিকে, জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার চরাঞ্চলে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ওমর আলী (৪৩) ও মো. মানিক মিয়া (৩৬)।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।