মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিক আশরাফ উদ্দিনের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় ছাত্রদল নমাধারী কিছু ছিনতাইকারী। ছিনতাইয়ের পর গত ১৫ দিনে রাজনৈতিক ও প্রশাসনিক বহু প্রচেষ্টার পরেও ফেরত দিতে গড়িমসি করছে ৩ ছাত্রদল নেতা। এরা হলেন উত্তর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, মিরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন, ছাত্রদল নেতা ইকবাল হোসেন ভূঁইয়া ও মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। এই বিষয়ে মিরসরাই থানায় একটি গুরুতর জখম ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারণে মিরসরাই থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। সাংবাদিক আশরাফ জানান, গত ৯ এপ্রিল রাত সাড়ে দশটায় তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মিরসরাই থেকে তার ভগ্নিপতি ব্যবসায়িক কাজে মিরসরাইয়ে মিঠাছড়া বাজারে যায়। মিঠাছড়া বাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী ইকবাল হোসেন মিঠু, ইকবাল হোসেন ইমন, ইকবাল হোসেন ভুঁইয়া ও সাদ্দাম হোসেন অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এসময় ভগ্নিপতি নুরছাফা চিৎকার করলে তাকে যুবলীগ কর্মী ট্যাগ দিয়ে এলোপাতাড়ি ইট ও রড দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত আহত করে। নুরছাপাকে উদ্ধার করতে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদের উপর হামলা করে এতে মুক্তার নামে এক ব্যবসায়ী আহত হয়।
স্থানীয়রা জানায়, নুরছাপার উপর ছিনতাইকারীর হামলার খবর পেয়ে সাংবাদিক আশরাফ ও সাংবাদিক নুর হোসেন ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতিতেই তাদের উপরেও হামলা করে। সাংবাদিক আশরাফ উদ্দিন উপস্থিত পুলিশ সদস্যদের মোটরসাইকেল উদ্ধারের অনুরোধ করলে মিরসরাই থানা পুলিশের উপপরিদর্শক এস আই মামুনুর রশিদ মামুন মোটরসাইকেল পরবর্তীতে উদ্ধার করে দেয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ১৭ দিন অতিবাহিত হলেও চিহ্নিত ছিনতাইকারীদের হাত থেকে রহস্যজনক কারণে মোটরসাইকেল উদ্ধার করতে ব্যর্থ হয় মিরসরাই থানা পুলিশ।
এ ব্যাপারে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি সাংবাদিক আশরাফের মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।