সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুন লেগে এক কৃষকের রান্না ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঐ কৃষকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার দুপুরে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ পর জোড়গাছা মধ্যপাড়ার কৃষক আনিসুর রহমান দুদু মন্ডল পরিবারের অন্যান্য সদস্যের সাথে দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় জয়নুব (৫) নামের তার এক নাতনি রান্না ঘরের মধ্যে আগুন জ্বলা দেখে নানা-নানি বলে চিৎকার দেয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে টিন সেড ঘর এবং ঘরে থাকা বৈদ্যুতিক চালিত ১ ঘোড়া মটর পাম্প, আসবাবপত্র, কাপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছনোয় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বৈদ্যুতিক আগুনের কারণে মুহূর্তেই সবকিছু পুড়ে গেছে। এতে তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। এখন তিনি দিশেহারা।

স্থানীয় খায়রুল ইসলাম রাঙ্গা, কালাম মন্ডলসহ অনেকে জানান, দুদু মন্ডলের ছেলে সন্তান নেই। অনেক কষ্ট করে ঘর ও আসবাবপত্র করেছিলেন। আগুনে মুহূর্তের মধ্যেই সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সরকারিভাবে সহায়তা দিলে পরিবারটি উপকৃত হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলাবাড়ী ইউপি সদস্য মহিদুল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্যে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।