আগৈলঝাড়া (বরিশাল) সংবাদাতা : “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০২৬।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—সিকুইন্স বেইজ, স্মার্ট সিটি, জ্বালানি সাশ্রয় প্রযুক্তি, ভূমিকম্পের আগাম বার্তা প্রদান ব্যবস্থা, স্মার্ট ভিলেজ, এয়ার পিউরিফায়ার, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন।

প্রদর্শিত প্রতিটি প্রকল্পে ছিল নতুনত্ব ও বাস্তব প্রয়োগের সম্ভাবনা, যা আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর থানার অফিসার ইনচার্জ ফজুলল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মহি উদ্দিন আহমেদ।

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে রামগতিতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (১১এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে মোট ১৩টি স্টল বসিয়ে প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের উদ্ভাবনী পদর্শন করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বিজ্ঞান প্রযুক্তির সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিসপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়।