সুনামগঞ্জের দিরাই’র পল্লীতে ধান শুকানোর জায়গা নিয়ে তর্কবিতর্কের জেরে টেটাবিদ্ধ হয়ে যুবক নিহত হয়েছে। সে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের সেবক দাসের ছেলে প্রান্ত দাস (২০)।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় গ্রামের মাঠে নিহত প্রান্ত দাসের বড়ভাই পলাশ দাস ও চান মিয়ার ছেলে শাকিলের মধ্যে তর্ক বির্তকের পর উভয় পক্ষের সংঘর্ষে প্রান্ত দাস টেটাবিদ্ধ হয়। এরপর স্বজনরা প্রান্তকে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সংগীয় ফোর্সসহ উপজেলা হাসপাতালে পৌঁছে নিহতের সুরতহাল করেন।
এলাকাবাসী ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের পলাশ দাস ও চান মিয়ার ছেলে শাকিলের মধ্যে তর্ক বির্তকের জেরে দুইপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পলাশের ভাই প্রান্ত টেটাবিদ্ধ হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,দুই যুবকের তর্কবিতর্ককে কেন্দ্র করে নিহতের ঘটনাটি হয়েছে। মৃত দেহ সুরতহাল করার পর থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে।