প্রায় তিন মাস ধরে ‘অভিভাবকশূন্য’ অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। তাই অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে এই কর্মসূচি চলে। এ সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তিনদিনের আল্টিমেটাম দেয়া হয়। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম জানান, প্রিন্সিপ্যাল না থাকায় নানা অসুবিধা হচ্ছে। স্টাফরা বেতন পাচ্ছেন না। শিক্ষার্থীরা স্টাইপেন্ড পাচ্ছেন না। এরকম অনেক সমস্যা। সেজন্য ৭২ ঘণ্টার ভেতর প্রিন্সিপ্যাল নিয়োগ দিতে হবে। অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে। এ সময় তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবির সাথে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে।