স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর অন্যতম অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত শিল্পনগরী টঙ্গীর হাজী মাজার বস্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া এই অভিযানে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন হাজী মাজার বস্তিতে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। যৌথবাহিনী বস্তির বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আটক করে।

স্থানীয়রা জানিয়েছেন, হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদের পাইকারি বাজার হিসেবে পরিচিত। বস্তির ভেতরে শতাধিক মাদকের দোকান রয়েছে, যেখানে অবাধে মাদক কেনাবেচা হয়। শুধু দোকানেই নয়, বাসা-বাড়ি ও বিভিন্ন স্থাপনায় মাদকের পাইকারি ও খুচরা বিক্রি চলে বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, "টঙ্গীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীও রয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।"

তিনি আরও জানান, অভিযানে বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করা হয়েছে, যা মাদক কেনাবেচার লেনদেনের অংশ হতে পারে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এসব টাকার উৎস খতিয়ে দেখা হবে। রমজান মাস সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে বস্তির অপরাধমূলক কার্যকলাপ নিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এই অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।