বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে “Professional Development Training for University Faculty” শীর্ষক চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরস্থ বাউবি ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া ও পেশাগত নেটওয়ার্ক গড়ে উঠবে। বর্তমান একাডেমিক বাস্তবতায় শিক্ষক-শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূরীকরণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জন অপরিহার্য। চার মাসব্যাপী এ প্রশিক্ষণ শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মোঃ মাহমুদুল হক এবং কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। এ সময় অংশগ্রহণকারী শিক্ষক প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাউবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, ইউজিসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণের তৃতীয় ও চতুর্থ ব্যাচে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। কর্মসূচিতে আধুনিক পাঠদান কৌশল, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।