কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর হিন্দুপাড়ার দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে একমাত্র সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে অর্থায়নে প্রায় ৬০০ মিটার দীর্ঘ ভাঙাচোরা সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদাপানি, খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে সড়কটি দিয়ে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছিলেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, উত্তর চাঁদপুর হিন্দুপাড়ার প্রায় ২৫২টি পরিবারসহ আশপাশের আরও দুই শতাধিক পরিবারের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ ছিল নিত্যদিনের।
সংস্কারকাজের উদ্বোধনকালে আলহাজ্ব আব্দুল মালেক বলেন, “জনসাধারণের চলাচলের দুর্ভোগ দূর করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সড়কটির সংস্কারকাজ করা হচ্ছে।”
তিনি সড়কটির সংস্কারকাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং কাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমারখালী উপজেলা শাখার সহসভাপতি কাজী হাফিজ রহমান, যদুবয়রা ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিনহাজ হোসাইন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নিরঞ্জন কুমার, শ্যামল কুমার, বিনয় কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ থেকে মুক্তির প্রত্যাশা করছেন উত্তর চাঁদপুর হিন্দুপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দারা।