কুষ্টিয়ার খোকসায় মাদকের বিরুদ্ধে রাজপথে নেমেছে স্থানীয় যুবসমাজ। মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবিতে জানিপুর-কমলাপুর এলাকায় র‍্যালি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে জানিপুর জামে মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় যুবসমাজের পাশাপাশি সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ চাই’সহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি মাদকের সঙ্গে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সম্পৃক্ততা বাড়ছে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসেম আলী, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা মো. আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিন রায়হান জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হুসাইন, জানিপুর জামে মসজিদের সভাপতি মো. রেজাউল করিম, জানিপুর কমলাপুর যুব সংঘ পাঠাগারের সভাপতি মো. আরমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।