কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় মিরপুরে মঈনউদ্দিন প্রমাণিক (৩৬) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার পর মরদেহ তামাক খেতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলসা গ্রামের মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মঈনউদ্দিন প্রমাণিক ওই গ্রামের মৃত মাজেদ প্রমাণিকের ছেলে।
নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, 'দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেলের সঙ্গে তার মঈনউদ্দিন প্রমাণিকের বিরোধ চলছিলো। কিন্তু বেশ কয়েকদিন ধরে রাসেল তার ভাইয়ের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। গেল রাত ৯টার দিকে রাসেল তার ভাইকে বাূিড় থেকে ডেকে নিয়ে যায়। সকালে এলাকার কয়েকজন মানুষ মাঠে কাজ করতে গিয়ে মঈনউদ্দিন প্রমানিকের মরদেহ দেখতে পায়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এই ঘটনার বিচার চান তারা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবরে সকালের দিকে একটি কলাবাগান থেকে মঈনউদ্দিন প্রমাণিকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।