পিরোজপুর সংবাদদাতা : সম্প্রতি নানা অনিয়মের অভিযোগে পিরোজপুর ১০০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনভর অভিযানে চলাকালে রোগীদের জন্য পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা থাকা স্বত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য দালালদের দৌরাত্ম্য তৎপরতা লক্ষ্য করা যায়। এ সময় দুজন দালালকে হাতেনাতে ধরা হয়। এসময় তদন্ত কর্মকর্তারা প্রায় পৌনে দুই কোটি টাকার ওষধের হিসাবে গড়মিল, হাসপাতালের রান্না ঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমানও পেয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আরএমও ডা. নিজাম উদ্দিন তদন্ত কর্মকর্তাদের সাথে ছিলেন।
অভিযান শেষে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, হাসপাতালের শিশু বিভাগের রেজিষ্টারে ওষুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেখানে কোন ওষুধ সরবরাহ করা হয় নাই, স্টোর (গুদাম) রুমে অভিযান চালানোর সময় কাগজ কলমে ঠিকাদার কর্তৃক সকল ওষুধ সরবরাহের কথা থাকলেও আদতে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ ৫৭ হাজার টাকার ওষুধের হদিস পাওয়া যায় নাই। এ সময় ষ্টোর কিপার আল আমিন জানান, ঠিকাদার প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশান ঠিকমত ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে সম পরিমান অর্থের তিনটি তারিখ বিহীন চেক সিভিল সার্জন বরাবরে জমা দিয়েছে।
সহকারী পরিচালক মো. জাকির হোসেন আরো জানান, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের শুরুতেই দুদকটিম হাসপাতালে প্রবেশ কালে ভিতর থেকে ২ দালালকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।
মোবইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহামুদ আটক দু’জনের সংশ্লিটতার সত্যতা পাওয়ায় ১৮৬০/১৮৮ ধারায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান। আটককৃতরা হলো মো. রাহাত রব্বানী (২৪) এবং রাজিব মন্ডল (২০)। তার দুজনেই স্থানীয় শেফা ডায়গনস্টিক ক্লিনিকের কর্মী বলে জানা গেছে।