গাজীপুর মহানগরীর পূবাইলে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়ার পর তাকে বাঁচাতে গিয়ে অপরজনও বিদ্যুতের সংস্পর্শে আসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মামা-ভাগিনা ব্যাটারি হাউসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গ্যারেজ মালিক মোঃ সুজন মিয়া (৩৩) এবং ইজিবাইক চালক মোঃ সোহাগ (২৭)। সুজন ময়মনসিংহের গফরগাঁও থানার ঘাগড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি মাজুখান এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চার্জ দেওয়ার গ্যারেজ পরিচালনা করতেন। সোহাগ গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকার মোঃ ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি ওই গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়ায় নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরের পর সোহাগ ইজিবাইক চার্জ দিতে মাজুখান পশ্চিমপাড়ার গ্যারেজে যান। ইজিবাইকটি চার্জে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ পরিবাহী তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে গ্যারেজ মালিক সুজন তাকে দ্রুত উদ্ধার করতে এগিয়ে যান। সোহাগকে ছাড়ানোর চেষ্টা করার সময় সুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় গ্যারেজ মালিকের স্ত্রী মোছা. শিখা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সোহাগের বাবা মোঃ ওয়াজ উদ্দিন জানান, তার ছেলে নিয়মিত ওই গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতেন। ইজিবাইক চার্জ দিতে গিয়ে আকস্মিক এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পূবাইল থানার এসআই মেহেদী হাসান জানান, ইজিবাইক চার্জে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সোহাগ। তাকে উদ্ধারে এগিয়ে গিয়ে গ্যারেজ মালিক সুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ইজিবাইক চার্জ দেওয়ার গ্যারেজগুলোতে বৈদ্যুতিক সংযোগ ও তার ব্যবহারে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।