জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামির উপর ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জুলুম করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলেও আমরা দেশ ছেড়ে পালাইনি। বরং তারা নিষিদ্ধ হওয়ার আগেই তারা পালিয়েছে। তাদের দেশপ্রেম নেই বলেই তারা পালিয়েছে। যারাই সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই জালিমদেরকে আল্লাহ এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে।
শুক্রবার বগুড়ার শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষা শিবিরে তিনি একথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
আরো বক্তব্য রাখেন বগুড়া মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি আরো বলেন, জুলাইয়ের শহীদদের আকাংখার আলোকে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর কোন বিকল্প নেই। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন করে বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্রের সমৃদ্ধিকরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে রুদ্ধ করার আহবান জানান।
দায়িত্বশীলদের করণীয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আগামীর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি।