গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ওই দিন শনিবার বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টায় পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াত কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপি। জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ফাহিম মন্ডল, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, দিনাজপুর জেলার সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণের সভাপতি নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আবুল হোসেন নয়া মিয়া এবং শিবিরের জেলা অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান।
এ ছাড়া জামায়াতের বিভিন্ন উপজেলা আমীর ও সেক্রেটারি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতিরা এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ও সেক্রেটারিরা সভায় উপস্থিত ছিলেন।
‘লংমার্চ কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়’
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে। ১১ দলীয় ঐক্যের লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার একটি ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি বলেন, “বিগত ১৫ বছর মানুষ ফ্যাসিবাদী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। অথচ আজ যারা জুলাইয়ের ত্যাগ ও অঙ্গীকার উপেক্ষা করে সংকীর্ণ দলীয় স্বার্থ বাস্তবায়নে মত্ত, তারা মূলত দেশের জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে অপমান করছে। জুলাইয়ে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের পর আমরা আর কোনো রক্তের খেলা দেখতে চাই না।”
সরকারকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণআকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সরকারকে নিশ্চিত করতে হবে।”
লংমার্চ সফল করার আহ্বান
নেতাকর্মীদের উদ্দেশে মাওলানা আবদুল হালিম বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত পূর্বের রাস্তায় লংমার্চ বহরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিতে হবে। সুশৃঙ্খলভাবে লংমার্চের বহর যাতে রংপুর পর্যন্ত পৌঁছাতে পারে, সে জন্য সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য পথসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি।
পথসভার স্থান পরিদর্শন
প্রস্তুতি সভা শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় পথসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পথসভা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
৭ সদস্যের বাস্তবায়ন কমিটি
লংমার্চ ও পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য পথসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুকে আহ্বায়ক এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া কর্মসূচি বাস্তবায়নে আটটি বিভাগীয় কমিটিও গঠন করা হয়েছে।
আয়োজকরা জানান, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হচ্ছে। পলাশবাড়ীর পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।