সাপ্তাহিক ছুটির দিনেও নগরবাসীর নাগরিকসেবা নিশ্চিত করা ও দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে মাঠে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
শুক্রবার (২১ আগস্ট) তিনি নগরীর লক্ষ্মীপুরা এলাকায় পানির সংকট নিরসনে ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৯৬৩ ফুট গভীর নলকূপ উদ্বোধন করেন।
নলকূপটি চালু হওয়ায় লক্ষ্মীপুরা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের দীর্ঘদিনের নিরাপদ ও সুপেয় পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর মৌলিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, 'নিরাপদ পানি নাগরিকদের মৌলিক অধিকার। লক্ষ্মীপুরা এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে এ নলকূপ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার মানুষের নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।'
নলকূপ উদ্বোধনের পর প্রশাসক স্থানীয় জনগণের সঙ্গে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
সভায় তিনি বলেন, 'একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নগর গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অপরাধীকে প্রশ্রয় না দিয়ে তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।'
তিনি আরও বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরবাসীর সমস্যা সরাসরি শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপুরা এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকট ছিল। গভীর নলকূপটি চালু হওয়ায় এলাকার মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরবে এবং নিরাপদ পানির প্রাপ্যতা বাড়বে।
সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পানি সরবরাহ, সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিকসেবা সম্প্রসারণের পাশাপাশি অপরাধমুক্ত পরিবেশ তৈরিতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।