ভোজ্যতেল নিয়ে সিন্ডিকেট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গায় ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে উঠা বাদুরতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ী সিন্ডিকেট ও তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন অ্যাডভোকেট মানিক আকবর, হাবিবি জহির রায়হান, অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন, লিটু বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট যে অপতৎপরতা শুরু করেছে তা কঠোর হাতে দমন করতে হবে। যেকোনো মূল্যে ভোজ্যতেলের মূল্য সব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। ভোক্তারা কোনো সিন্ডিকেট মেনে নেবে না। একমাসের ব্যবধানে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকট দেখানোর বিরুদ্ধে সরকারি উদ্যোগে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।