বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, ইসলামই একমাত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গ্যারান্টি দিতে পারে। কারণ শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা ইসলামই দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের সকল মানুষের মাঝে ভাতৃত্ব - সৌহার্দ্যপুর্ন সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে রাসুল (সঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যেখানে সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত হবে।

গতকাল সোমবার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন। শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মৌলানা এনামূল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চালনায় শাপলাপুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাষ্টার আক্তার হোসেন।

হামিদুর রহমান আযাদ আরো বলেন, শাপলাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের উর্বর মাটি। এ উর্বরতা আল্লাহর নেয়ামত। বর্তমান অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ব্যাপক দাওয়াতী তৎপরতা এবং মানব সেবার মাধ্যমে আল্লাহর শোকরিয়া আদায় করতে হবে। অন্যথায় মহান আল্লাহ শাস্তি স্বরূপ এ নেয়ামত কেড়ে নিতে পারে। তাই সীসাঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের দুর্বলতার কারণে ময়দান ক্ষতিগ্রস্ত হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং পরকালে মহান আল্লাহর কঠিন শাস্তি ভোগ করতে হবে। তিনি উল্লেখ করেন, দলীয় নেতা কর্মীদের সকল লোভ লালসার উর্ধে উঠে সাধারণ মানুষের কল্ল্যাণে এগিয়ে আসতে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি।