টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তেবাড়িয়া বাজারে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া ও মো. সুমন সিকদার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুপন খান ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল শেখসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।