চট্টগ্রামের ফটিকছড়িতে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেয়াকো এলাকায় একটি তালাবন্ধ ঘর থেকে রাসেদুল আলম (ছাত্রদল নেতা) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হেয়াকো বনানী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় তার সহযোগী ইমরানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একইদিন ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডের গভীর পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো সাকি আক্তার (৯) ও সানজিদা আক্তার (১০)। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ২০ ফুট গভীর ওই গর্তে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা সেখানে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় চুরির অভিযোগে গ্রাম্য সালিশে মো. নুরুল আবছার (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। একই ঘটনায় মো. রাসেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নুরুল আবছারকে মৃত ঘোষণা করা হয়। আহত রাসেলকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনারই তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।