ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে নিয়মনীতির তোয়াক্কা না করে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই লাইসেন্সবিহীন একটি ইটভাটার কারণে কাকচর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বছরই নানা অসুখে আক্রান্ত হচ্ছেন। একপাশে ইটভাটা ও অন্য তিনপাশে ফসলি জমি রয়েছে। এই ভাটার কারণে আশপাশের বসতি ও স্থানীয় বাসিন্দাদের দুভোর্গের শিকার হচ্ছেন। জমির টপসয়েল কেটে নিয়ে তা ইট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।
তাছাড়া ইট পোড়ানোর কাজে বাধ্যতামূলক কয়লা ব্যবহার করার নিয়ম থাকলেও অবাধে ব্যবহার করা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল থেকে চোরাইপথে কেটে আনা লাকড়ি। ফলে কোমলমতি শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিকে রয়েছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ। তেমনি প্রতিবছর সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।
সরেজমিনে দেখা যায় উপজেলার কাকচর গ্রামে গিয়ে দেখা গেছে, কাকচর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেষে মজিবর রহমানের মালিকানাধীন সোনার বাংলা নামক লাইসেন্সবিহীন ইটভাটাটি অবস্থিত। ভাটার কার্বনডাই অক্সাইড ও ধোঁয়া পাশের ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন কোমলমতি শিশু শিক্ষার্থীসহ আশপাশের বসতি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।