শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর উপজেলায় একটি ইটভাটার আগুনে প্রায় ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেন এবং ভাটার মালিকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবিতে লিখিত অভিযোগ দেন। গত সোমবার (১২ মে) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামের ‘এজিএন’ নামক ইট ভাটা থেকে এই অগ্নিকা- ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মনি হাজী নামে এক ব্যক্তি কৃষি জমির মাঝখানে ‘এজিএন’ নামে একটি ইটভাটা করেছেন। গত সোমবার রাতে ওই ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনে আশপাশের প্রায় ১০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। পরে কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকালে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। তারা ক্ষতিপূরণ ও ভাটা মালিকের শাস্তির দাবিতে ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ দেন।

গত বছরও একই কারণে ধান পুড়ে যাওয়ায় ওই ভাটা মালিক কিছু কৃষকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন। এবারও তিনি একই কা- ঘটিয়েছেন।

ক্ষতিগ্রস্থ ষাটোর্ধ বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, অসুস্থ স্বামী দীর্ঘদিন যাবত বিছানাগত। সন্তানরা আমাদের ভরণপোষণ করে না।

বৃদ্ধ বয়সে অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলাম। কিন্তু মনি হাজীর ইট ভাটার আগুনে সব ধান পুড়ে গেছে। এখন সারা বছর কি খেয়ে থাকব, কেমন করে চলবে সংসার। স্বামীর ওষধ কেনার টাকা কোথায় পাব?

ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ সরকার ও কালু প্রামানিক বলেন, মনি হাজী কৃষি জমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করে কৃষকদের ক্ষতি করছে। গত বছর সে রাতের অন্ধকারে ইচ্ছাকৃতভাবে ভাটার আগুন ছেড়ে দিয়ে ক্ষেতের ধান পুড়িয়েছিল। পরে কৃষকদের আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিয়েছিল। এবারও সে একই কাজ করেছে। ধান পুড়ে যাওয়ায় সারা বছর কি দিয়ে আমাদের সংসার চলবে, ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ কীভাবে মেটাব তা নিয়ে চিন্তায় পড়েছি।

এ বিষয়ে জানতে ইটভাটার মালিক মনি হাজীর সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আজিজুল হক বলেন, সংবাদ পেয়ে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাটার আগুনের প্রভাবে ৯টি স্কিমের প্রায় ১৯৩ বিঘা জমির প্রায় ২৩১.৬ মেট্রিক টন ধান পুরোপুরি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এতে কৃষকদের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ওই ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।