এদেশে সরকারী বেসরকারী সকল নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালিন ছুটি বাধ্যতামূলক ৬ মাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড. আতিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরার ১টি হলরুমে ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

উত্তরা মডেল থানার সভাপতি আবু হানিফের পরিচালনায় প্রোগ্রামের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মোঃ বাবুল মোল্লা।

এড. আতিকুর রহমান শ্রমিক দিবসের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনায় শ্রমিকের ভুমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। নারী শ্রমিকের মাতৃকালীন ছুটিতে যে বৈষম্যকরণ করা হচ্ছে সে দিকে সরকারের নজর দেয়ার অনুরোধ জানান। নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থানের কর্ম ঘন্টা নির্ধারনের বিষয়ে জোর দাবি জানান।

প্রোগ্রামে সভাপতিত্বে করেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মো. মহিব্বুল্লাহ। তিনি বলেন, শ্রমিক দিবস প্রতি বছর আসে আর যায় কিন্তু এদেশের শ্রমিকদের ভাগ্য আর পরিবর্তন হয়না। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলনে শ্রমজীবী মানুষেরা দেশের জন্য ভূমিকা পালন করলেও রাষ্ট্র তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ভুমিকা রাখেনি। রাজনৈতিক দলগুলো শ্রমজীবী মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের আয়েশী জীবন যাপনের রাস্তা তৈরি করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী উত্তরের সহকারী সাধারণ সম্পাদক ও রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ মাহাবুব আলম। এসময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোনের সহকারী পরিচালক নজরুল ইসলাম শহীদ। তুরাগ দক্ষিণ থানা সভাপতি মো. মঞ্জুর আহমেদ প্রমুখ।