টাংগাইল সংবাদদাতা : টাংগাইলে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদ রাজ্যের ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) বেলা ১ টার দিকে কে বা কারা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে লাপাত্তা হয়ে যায়। জানা যায়, টাংগাইল শহরের আবহাওয়া অফিস সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা অবস্থায় নুর মোহাম্মদ রাজ্যের গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয়রা আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এ বিষয়ে নুর মোহাম্মদ রাজ্য বলেন, ‘এটি পরিকল্পিত হামলা। আমি দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার নিয়ে কাজ করছি। একটি স্বার্থান্বেষী মহল আমার কার্যক্রমে বাধা দিতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’ ব্রাহ্ম সমাজ উচ্ছেদ করে যারা বহুতল নিকুঞ্জ টাওয়ার করছে তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কারণ ব্রাহ্ম সমাজ উচ্ছেদের বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টাংগাইল সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
টাংগাইল জেলা জামায়াতের নিন্দা : এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। তিনি বলেন, নাগরিক অধিকার সুরক্ষা আন্দোলনের নেতার গাড়ি পুড়িয়ে দেওয়া কোন সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয়। যারাই মানুষের অধিকার নিয়ে কথা বলছে তাদেরকেই এভাবে ভয়ভীতি দেখিয়ে ক্ষান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এমন ঘটনা বার বার ঘটতে থাকলে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে।