গাজীপুর মহানগরের গাছা থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) গাছা থানার একটি দল বসুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ নাছির মোল্লা (৩৪) ও মোঃ তরিকুল ইসলাম অপু (৩৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা দুটি ধারালো সামুরাই জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাইসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় সন্ত্রাস, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।