কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আজিবর রহমান (২৩) নামের এক যুবক আটক হওয়ার খবর পাওয়া গেছে।

বিএসএফের হাতে আটক হওয়া যুবক উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ‍্যমতে, সোমবার দিবাগত মধ্যরাতে ভারতীয় গরু আনতে স্থানীয় কয়েকজন ব‍্যক্তি আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।

এসময় তারা বিএসএফের সামনে পড়ে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পরে।

আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।