সিলেট ব্যুরো : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ। ২ যাত্রীর লাগেজ থেকে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি টাকা। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-২৫২। এই ফ্লাইটেরই ২ যাত্রীর লাগেজ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
স্বর্ণের চালানসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। আটককৃতরা হলো, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন (৩৬)।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসছে গোপন সূত্রে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এই তথ্যের ভিত্তিতে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়।
এসময় ওই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে সৈয়দ আহমদ ও আফতাব উদ্দিনকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাশি করেন বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা। তল্লাশিকালে চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণ। যার মধ্যে রয়েছে ১২০টি স্বর্ণের বার ও ৪টি পেস্ট। উদ্ধার হওয়া এই স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।