পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্য ও সম্প্রীতির এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার পাঠিয়েছেন তিনি। সোমবার (১ জুন) দুপুরে বাউফল নির্বাচন কমিশন মাঠে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে এমপির পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ড. মাসুদ এমপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাবেক পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর। তিনি নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করে ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় আব্দুল্লাহ আল ফাহাদ ড. শফিকুল ইসলাম মাসুদ এবং তাঁর প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানুষের আনন্দঘন মুহূর্তে পাশে দাঁড়ানোর এই সৌজন্য সত্যিই প্রশংসনীয়।

স্থানীয় বিভিন্ন মহলের মতে, বর্তমান সময়ে রাজনৈতিক বিভাজনের বাস্তবতায় এ ধরনের সৌজন্যমূলক উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক বার্তা বহন করে। ভিন্ন রাজনৈতিক ধারার একজন জনপ্রতিনিধির পক্ষ থেকে ছাত্রদল নেতার বিয়েতে শুভেচ্ছা উপহার পাঠানো বাউফলের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেও মনে করছেন অনেকে।

অনেকেই এ ঘটনাকে ‘রাজনীতির মানবিক মুখ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, মত ও পথ ভিন্ন হলেও সামাজিক সম্পর্ক, সৌজন্য ও মানবিক মূল্যবোধের জায়গা যে অটুট থাকতে পারে, এই আয়োজন তারই একটি সুন্দর উদাহরণ।