বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এমপি বলেছেন এদেশে মানুষের কল্যাণে রাজনীতি খুব কমই হয়। ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থের রাজনীতিই এদেশের উন্নয়নের অন্তরায়। কিন্তু জামায়াতে ইসলামী এই ধারার ব্যতিক্রম। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে। জামায়াত চায় পবিত্র কুরআন ও হাদিসের পথ ধরে শান্তিপূর্ণ, কল্যাণময় সমাজ বিনির্মাণ করতে। তিনি বলেন জুলাই বিপ্লবের পর রাজনীতিতে পরিবর্তনের যে হাওয়া এসেছিলো কিছু স্বার্থান্ধ রাজনৈতিক দল ও ব্যক্তির কারণে সে পথ রুদ্ধ হচ্ছে। তিনি বলেন রাজনৈতিক নেতৃবৃন্দকে মানসিকতা বদলাতে হবে। ভোগের নয় ত্যাগের রাজনীতিই এদেশের ভাগ্য বদলাবে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণ মানুষের আকাক্সক্ষাকে বুঝার চেষ্টা করুন নতুবা দিন শেষে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি গত শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা আয়োজিত ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর রিকাবীবাজারস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম।
সম্মেলনে প্রধান আলোচক তার বক্তব্যে বলেন ক্ষমতাসীন সরকার মানুষের বহুল কাক্সিক্ষত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা গুম, খুন, দুর্নীতির মতো স্পর্শকাতর বিষয় নির্র্মূলেও অনাগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে সুবিধাভোগী সরকার এখন জুলাইকে অস্বীকার করতে চায়। তারা সর্বত্র জুলাই বিপ্লবের স্পিরিট বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন ক্ষমতাসীন সরকার পুরনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে যা সচেতন দেশবাসীকে উদ্বিগ্ন করছে।
সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।