চট্টগ্রামের সুস্থ সাংস্কৃতিক ধারার সংগঠন সিসিএ সাগরিকা জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাবেশ। সোমবার নগরের বন্দর, গোসাইলডাঙ্গা এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিসিএ সাগরিকা জোনের সভাপতি মুবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির আলোচনা রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ উল্লাহ, প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক রফিকুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর।
সমাবেশে প্রধান অতিথি মুহাম্মদ উল্লাহ বলেন, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির সত্যিকার ইতিহাস- ঐতিহ্যকে তুলে ধরতে হবে সুচারুভাবে।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী অপ-সাংস্কৃতির চলমান এই যুদ্ধে বিজয় লাভে প্রতিটি সেক্টরে সুস্থ সাংস্কৃতির প্রভাব বিস্তার করতে হবে আমাদের।
প্রধান বক্তা রফিকুল হায়দার সমাবেশকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, ইসলামী সমাজ বিনির্মাণের যে স্বপ্ন আমরা লালন করছি এই স্বপ্ন বাস্তবায়নে চলমান অপসংস্কৃতির পরিবর্তে সুস্থধারার ইসলামী সংস্কৃতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এর জন্য এই সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ মজবুতি ও সাংস্কৃতিক কর্মীদের নৈতিক মানোন্নয়নে প্রয়াস চালাতে হবে।
বিশেষ অতিথি আব্দুল গফুর বলেন, সাংস্কৃতিক শিল্প এমন একটি শিল্প যে শিল্প মানুষকে হাসতে পারে আবার কাঁদাতেও পারে, এই শিল্পকে ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষের চিন্তা চেতনা দখলে নেওয়ার ক্ষমতা আছে এই শিল্পের তাই এই সাংস্কৃতিক শিল্পকে নৈতিকতার আদলে গড়ে তোলার অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের।
সিসিএ সাগরিকা জোন সেক্রেটারি সাঈদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্দর থানার বিশিষ্ট সমাজসেবক ইকবাল শরীফ, সদরঘাট থানার ওয়ার্ড উন্নয়ন কমিটির সেক্রেটারি ফজলে এলাহী শাহিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ফিরোজ, বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজ আলম, ইউকে প্রবাসী মামুনুর রশীদ, লন্ডন প্রবাসী ইকবাল ও আজিম গ্রুপের এজিএম মাহবুব আলম। আরো উপস্থিত ছিলেন সিসিএ সদস্য বোরহান উদ্দিন, সাফায়াত উল্লাহ ও জোন নির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানে শুরুতেই কুরআন তেলাওয়াত, পরে সাগরিকা জোনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন, কৌতুক পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা মুহাম্মদ হাফিজ। প্রেস বিজ্ঞপ্তি।