নরসিংদী সংবাদদাতা : নরসিংদী রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে উপজেলা রায়পুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও উপজেলা ছাএলীগের সাবেক সেক্রেটারি শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করেছে একটি সন্ত্রাসী চক্র। এ সময় বাঁধা দিতে গিয়ে হামলাকারীদের গুলীতে চেয়ারম্যানের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী শান্তা ইসলাম (২৪) নামে গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপরে জুমায়ার নামাজ চলাকালে শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ। নিহতের স্বজনরা জানান, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গতকাল দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এসময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাতে থাকে। এমতাবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাঁধা দিতে এলে তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। এতে শান্তা পিঠে গুলীবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীদল চলে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ইসমাইল হোসেন রাজিব জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পিঠে একটি গুলীর চিহ্ন রয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তার লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।