স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুজবকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে হয়।

সোমবার (৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, প্যানারোমা অ্যাপারেলস কারখানার এক নারী শ্রমিক আফসানা আক্তার লাবনী (৩০) পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ভোর পাঁচটার দিকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লাবনী ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই লাবনীর মৃত্যু হয়েছে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল আটটার দিকে প্যানারোমা অ্যাপারেলসে ব্যাপক ভাঙচুর চালান। এরপর তারা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তারা কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল দশটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে শুধু প্যানারোমা অ্যাপারেলস নয়, এই বিক্ষোভ আশপাশের কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর-জয়দেবপুর এবং গাজীপুর-টাঙ্গাইল সড়কের উভয় পাশে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।