শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মর্মান্তিক এক হত্যাকাণ্ডে ঝরে গেল তরুণ অটোরিকশা চালক মেহেদী হাসান আসিফের (২২) প্রাণ। প্রতিদিনের মতো জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ছেলেটি। কিন্তু সেই বের হওয়াই হয়ে গেল শেষ যাত্রা। রাতভর অপেক্ষার পর সকালে পরিবারের কাছে ফিরে আসে শুধু তার নিথর দেহ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আসিফ স্থানীয় হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। স্বপ্ন ছিল পরিবারকে ভালো রাখার, সংসারের কষ্ট কমানোর। সেই স্বপ্ন নিয়েই প্রতিদিন রাস্তায় নামতেন অটোরিকশা চালিয়ে। কিন্তু কে বা কারা নির্মমভাবে তার জীবন কেড়ে নিল, সেই প্রশ্ন এখন পুরো এলাকাজুড়ে।
ছেলের শোকে ভেঙে পড়া মা আছমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “প্রতিদিন রাত ১১টার আগেই আমার ছেলে বাসায় ফিরত। বুধবার রাতেও অপেক্ষা করছিলাম। কিন্তু সে আর ফিরল না। ফোন দিলাম, ফোন বন্ধ। সারারাত শুধু খুঁজেছি আমার ছেলেকে...”
তিনি আরও বলেন, “ফজরের আজানের পর শুনি বাড়ির পাশে অটোরিকশা পড়ে আছে। তখনই বুকটা কেঁপে উঠেছিল। পরে সকালে মানুষ এসে বলল, জঙ্গলের পাশে আমার আসিফ পড়ে আছে... আমার ছেলেকে এভাবে কে মারল?”
ঘটনাস্থলের পাশে একটি নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে। এসব আলামত ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।