এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, চাঁদাবাজ-মাস্তানদের ভোট দিলে দেশ ভালো চলবে না তার দৃষ্টান্ত বর্তমান সরকার। দেশ ভালোভাবে চালাতে হলে সৎ ও যোগ্য লোকদের ভোট দিতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ যাত্রা শুরুর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

কর্নেল (অব.) অলি বলেন, ১১ দলীয় ঐক্যের আহ্বানে আজ এতো ভোরে যেভাবে নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এতো ভোরে রাজপথে আসতে পারবে না।

তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, প্রয়োজনে তারেক রহমান সাহেব একটা সমাবেশ এতো ভোরে আহ্বান করে দেখতে পারেন।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন, তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে নইলে গদি ছেড়ে দে। রাষ্ট্রপতি যদি এখনো সেই কথা না বলে তবে তিনি মোনাফেক।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ১১ দলীয় ঐক্য ১ম রাউন্ড শেষ করে ২য় রাউন্ডে আন্দোলনের বার্তা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী কারণ আমরা সন্ত্রাসীদের দিয়ে দল পরিচালনা করি না। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে।