স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন—জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিব, এম এম সোয়েব, গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, কালিয়াকৈর থানা প্রতিনিধি সিমন বারী, সদর থানা প্রতিনিধি খন্দকার আল আমীন এবং টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফসহ আরও অনেকে।
কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে।"
তিনি আরও বলেন, "গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।"
এছাড়া, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, "পুলিশ ও প্রশাসন ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলে বিলম্বে পৌঁছেছে, যা চরম অন্যায়।"
এ জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।
সমাবেশে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং ন্যায়বিচারের দাবি তোলে।পরে তার শহর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে।