খুলনা জেলার ফুলতলার জামিরা কলেজের সামনে জুয়েল মোল্লা (২৬) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের পিছনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। গুলিবিদ্ধ জুয়েল মোল্লা জামিরা গ্রামের শাহাজাহান মোল্লার পুত্র।
পুলিশ ও এলাকাবাসিী জানায়, রাত সাড়ে ৮টার দিকে জুয়েল মোল্লাকে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের পিছনে অজ্ঞাত দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসী কোমরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা না দিয়েই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি রিভলবারের গুলির খোসা ও একটি শর্টগানের তাজা গুলি উদ্ধার করে। গুলিবিদ্ধ যুবলীগ নেতা জুয়েল মোল্লা ফুলতলা বাজারের বণিক নেতা রকিবুল হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি এবং সে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।