সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া পৌরশহরের বাসস্ট্যান্ডে ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভারব্রীজটি ব্যবহার না করেই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রীজটি নির্মাণ করা হয়েছে ফলে দ্রুত ব্রীজটি নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের কোনো তদারকি না করা এবং চেতনতার অভাবে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো কাজে আসছে না।

৩৪.২৬৯ মিটার দৈর্ঘ্যের ফুট ওভারব্রীজ উদ্বোধন করা হয়েছে ২০১৮ সালের ৫ নভেম্বর। ব্রীজটি নির্মাণ করতে সরকারের খরচ হয়েছে ২ কোটি ৬৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করে সড়ক ও জনপথ বিভাগ।

নাটোর-বগুড়া মহাসড়কের পৌর বাসস্ট্যান্ডে পথচারীদের নিরাপদে পারাপারের জন্য ৮ বছর আগে ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এ ফুটওভারব্রীজ। কিন্তু নির্মাণের পর থেকেই এটি ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ। ইতিমধ্যেই ও ব্রীজটি, মরিচা ধরে লোহার বিভিন্ন অংশে জং ধরেছে এবং গর্তের সৃষ্টি হয়েছে। বিকেলে কিছু মানুষ বেড়ানোর উদ্দেশ্যে ব্রীজের উপরে উঠে বাচ্চাদের নিয়ে চলাফেরা করে। বিভিন্ন জায়গায় জং ধরার কারণে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই ফুটওভারব্রীজে চলাচল বেশি না হওয়ায় ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ব্রীজের বিভিন্ন অংশ। কোথাও কোথাও মরিচা ধরেছে, আবার কোথাও ভাঙতে শুরু করেছে। দ্রুত রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতা না বাড়ালে পুরো অবকাঠামোটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রবিউল করিম খোকন নামের একজন পথচারী বলেন, ২০১৮ সালের নির্মিত এই ব্রীজটি খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এর নির্মাণ সামগ্রী খুব নিম্নমানের হওয়ায় ব্রীজটি তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যেন খুব তাড়াতাড়ি মেরামত করা হয়। তাছাড়া এখানে লোকজন এবং ছোট বাচ্চারা উঠলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।