স্বাস্থ্য কার্ড বিতরণ

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের (ক্যাটাগরী-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

১২ মে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬ জন জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ৪ জনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

গণপদযাত্রা

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে জেলার বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার দুপুরে ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক মাসুদ আহাম্মদ সুবর্ন এর সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মমিনুর রহমান বিশাল, যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান তানু, সৈয়দ মোস্তফা হোসেন মনি, সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন প্রমুখ।

পুরস্কার বিতরণ

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা: ‘‘মহানবী (সা.) কে আল্লাহ তা’য়ালা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সর্বত্র শান্তি ফিরে আসবে।’’

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার আয়োজিত ২ দিন ব্যাপী সীরত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী এ কথা বলেন। ৮ মে বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইফার উপ-পরিচালক ফাহমিদা বেগম।

ধান সংগ্রহের উদ্বোধন

নওগাঁর সাপাহার খাদ্য গুদামে সরকারি ভাবে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ- ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন।

প্রাথমিক শিক্ষা সপ্তাহ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, প্রমুখ।