শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): বরেন্দ্র জনপদসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রাম-গঞ্জে, বাড়ির আঙিনা থেকে শুরু করে আনাচে কানাচে, রাস্তার দু'পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো তাল গাছের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়তো। গ্রাম-বাংলার ঐতিহ্যের এ তালগাছ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে।
তালগাছের সর্বাঙ্গ থেকে নানারকমের জিনিস তৈরি করা হয়। তালগাছের কিছুই ফেলার মতো নেই। সব কিছু কাজে লাগে। যেমন তালগাছের তাল পাতা দিয়ে ঘর ছাওয়া, হাতপাখা, তালপাতার চাটাই, মাদুর, আঁকবার পট, লেখবার পুঁথি, পুতুল ইত্যাদি বহুবিধ সামগ্রী তৈরি করা যায়। এমনকি তালের কাট দিয়ে বাড়ি, নৌকা, হাউস বোট ইত্যাদি তৈরি করতো ওই সময়ের শিল্পীরা। এছাড়াও পাড়া-মহল্লায় ঘরে ঘরে তাল রস দিয়ে তাল পিঠাসহ নানারকমের পিঠা বানানো হতো। তালের রস এবং তালের ফল ছিল বাঙালির জন্য সুস্বাদু খাদ্য। পাকা তালের পিঠা আর কাঁচা তালের শাঁস খেতে দারুণ সুস্বাদু ছিল। তাছাড়া তাল পিঠা দিয়ে আত্মীয়ের, মেয়ের শ্বশুর বাড়িসহ নানাজনের সাথে আত্মীয়তার বন্ধন তৈরিতে সহায়তা হতো। এখন সেই আত্মীয়তা আর নেই।
যেভাবে দিন দিন তালগাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে নতুন প্রজন্মরা সেই তালের স্বাদ পাবে কিভাবে ? নতুন প্রজন্মের কাছে সেটি অজানাই রয়ে যাবে।