সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আড়াই বছরের শিশু আরাফ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল প্রায় ৪টায় বাড়ির বারান্দায় খেলার সময় শিশুটি অসাবধানতাবশত একটি কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায়। ড্রামটিতে ট্রাকের ট্যাংকি মেরামতের জন্য সংরক্ষিত প্রায় ৫০ লিটার ডিজেল ছিল। ডিজেল পান করে ফেলায় পরিবার তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে বুধবার (২২ এপ্রিল) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত আরাফ স্থানীয় বাবু মিয়ার একমাত্র সন্তান। একমাত্র শিশুকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল।
এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, বাড়িতে দাহ্য ও বিপজ্জনক পদার্থ সংরক্ষণে শিশুদের নাগালের বাইরে রাখা অত্যন্ত জরুরি।