হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ভিজিএফ কার্ডের জন্য অসহায় নারী-পুরুষদের ভীড়। এত ভীড় সামাল দিয়েও নিরাশ করেননি কাউকে। বলছিলাম হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার কথা।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভিজিএফ কার্ড সংগ্রহের জন্য অসহায় ও দুস্থ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই তারা উপজেলা চত্বরে এসে জড়ো হন, প্রত্যাশা নিয়ে যে সরকারি সহায়তার অংশীদার হতে পারবেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন যে, কার্ড না পেলে হয়তো খালি হাতে ফিরতে হবে তাদের । তবে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা তাদের হতাশ করেন নি কাউকেই। সবার হাতে হাতে পৌঁছে দিয়েছেন ভিজিএফ কার্ড।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে তিনি নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ভিজিএফ কার্ড তুলে দেন। এই উদ্যোগের ফলে সকাল থেকে ভিড় করা এসব মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তাদের মধ্যে একটি বিশেষ আনন্দের অনুভূতি দেখা যায়, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বহুু গুন।
রহিমা খাতুন নামের এক বৃদ্ধা বলেন, ‘ভেবেছিলাম কিছুই পাবো না। কিন্তু ইউএনও স্যার নিজে দাঁড়িয়ে থেকে আমাদের হাতে চালের কার্ড দিয়েছেন। শান্তি লাগছে।’ এই বক্তব্যটি প্রমাণ করে যে, সরকারি সহায়তা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, ‘সকাল থেকেই লোকজন অফিসে ভীড় করছেন। কেউ যাতে খালি হাতে না ফিরে যায়, সে চেষ্টা করেছি।’ তার এই মানবিক ও সংবেদনশীল উদ্যোগ অসহায় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।
হোসেনপুর প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক হোসেনপুর বার্তার সম্পাদক প্রদ্বীপ কুমার সরকার বলেন, প্রতি ঈদেই সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয় । তবে এবারের উদ্যোগটি বিশেষভাবে প্রশংসিত হচ্ছে, কারণ এটি স্থানীয় জনগণের মধ্যে একটি মানবিক সম্পর্ক তৈরি করেছে এ ইউএনও। এই ধরনের উদ্যোগগুলো সমাজের অসহায় মানুষদের জন্য আশার আলো হয়ে দাঁড়ায় এবং তাদের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসে।