গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি সিএনজি এবং ছিনতাই করা নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার একটি দল টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হোসেন মার্কেট লেদু মোল্লা রোডের মাথায় ছিনতাই সংঘটনের সময় গাজীপুর মহানগরের এরশাদনগর ২ নম্বর ব্লক টঙ্গী পূর্ব থানা এলাকার মোঃ গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মোঃ শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭)-কে একটি চাপাতি ও ছিনতাই করা নগদ এক হাজার টাকাসহ গ্রেফতার করে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।

অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর বাঁশপট্টি এলাকায় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-গাজীপুর মহানগরের চান্দনা, বাসন থানা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আঃ কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭),গাজীপুর মহানগরের চেরাগআলী, টঙ্গী পূর্ব থানা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিলন (৩৬),এবং ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার আবু সাঈদের ছেলে মোঃ মিলন (৩৫)।

তাদের স্থায়ী ঠিকানা যথাক্রমে ময়মনসিংহের ফুলপুর, ধোবাউড়া ও বগুড়া জেলার শাজাহানপুর এলাকায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানা পুলিশ প্রতারণার মাধ্যমে আটক করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের একটি মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ৯ এপ্রিল মোঃ কাউসার মিয়া (৩০) টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেন, রাকিব ও মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা দুজন তাকে প্রতারণার মাধ্যমে আটক করে নগদ ২ লাখ ৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদ হাসান জনি গত ১১ এপ্রিল টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল সুপার মার্কেট এলাকা থেকে মামলার আসামি রাকিব ও মিজানুর রহমানকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।